হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির এই পাওয়ার কারে ধোঁয়া ও আগুন দেখা যায়। পরে ট্রেন থামিয়ে যাত্রীদের জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়।

রেলওয়ে জানায়, ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগার পর যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য বাকি কোচগুলো আলাদা করা হয়। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে জানার চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার পর ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বগি থেকে নেমে ছোটোছুটি শুরু করেন। অনেকেই জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ফৌজদারহাটের দিকে আসার সময় হঠাৎ সামনের দিক থেকে পোড়া গন্ধ আসে। কিছুক্ষণ পর পুরো বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সবাই চিৎকার শুরু করলে ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে যান। পরে তিনি দেখতে পান ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের শিখা বের হচ্ছে।

আরেক যাত্রী নাসরিন আক্তার জানান, ট্রেনের ভেতরে শিশুসহ অনেক যাত্রী ছিলেন। ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

পূর্বাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক (জিএম) মো. সবুক্তগীন বলেন, ট্রেনটি সাময়িকভাবে সেখানে থামিয়ে রাখা হয়েছে এবং বিকল্প পাওয়ার কার আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগুন লাগার ঘটনায় একটি প্রযুক্তিগত কমিটি গঠন করে কারণ অনুসন্ধান করা হবে।

তিনি আরো জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাওয়ার কারটি দ্রুত যাত্রীবাহী কোচ থেকে বিচ্ছিন্ন করা হয়, যা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সহায়তা করেছে। বর্তমানে যাত্রীদের নিরাপদে রেখে ট্রেনটি উদ্ধার ও পুনরায় চলাচল নিশ্চিত করার কাজ চলছে।

সড়ক দুর্ঘটনায় কাপ্তাই পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযোদ্ধাদের সম্মাননার সাথে ডায়েরি উপহার দিলেন সাঈদ আল নোমান

ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল

চট্টগ্রামের মাটিতে জিয়ার স্বাধীনতার প্রথম আহ্বান

অর্থনৈতিক স্বাবলম্বীকরণ পরিকল্পনা ৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি

অসহায়দের পাশে ডিসি জাহিদুল ইসলাম

নতুন ঘরে ঈদের আনন্দে ভাসলেন আট অসহায় পরিবার

চাঁদা না দিলে গাড়ি চলাচলে বাধার হুমকি, বহিষ্কার ছাত্রদল নেতা

উখিয়ায় রোহিঙ্গা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার