ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে গরুর ব্যবসা করতে চান কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট ও লালমাই) আসনের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া।
গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে এমন ইচ্ছা পোষণ করেন তিনি। তার নতুন এই ব্যাবসায়িক ধারণাকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন শুভাকাঙ্ক্ষীরা। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ ।
ফেসবুক পোস্টে এমপি মোবাশ্বের লেখেন, ‘আমার গাড়ি ও বাড়ির ব্যবসা খুব খারাপ যাচ্ছে, আসন্ন ঈদ উপলক্ষে আমি গরুর ব্যবসা করব, আমার নেতাকর্মীদের মান-সম্মানে কোনো আঘাত আসবে কি না, কমেন্ট করে জানাও।’
পোস্ট করার পর থেকে এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ফেসবুকে এমপির পোস্টে গিয়াসউদ্দিন নামে একজন কমেন্ট করেন, বর্তমান যুগে অবশ্যই এটা অনেক ব্যয়বহুল ব্যবসা এবং এই ব্যবসা যিনি করেন, তিনি সমাজের সবচেয়ে উচ্চতর মানুষগুলোর কাছে সম্মানিত হয়ে থাকেন। ইচ্ছে করলেই সমাজের কয়েক লাখ মানুষের মধ্যে একজন গরুর ব্যবসায়ী সৃষ্টি হতে পারেন না।
মিজানুর রহমান নামে একজন লেখেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন চুরিকে হারাম করেছেন। তাই আপনি ব্যবসা করলে নেতাকর্মীদের সম্মান যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনি অবশ্যই ব্যবসা করবেন। আল্লাহ আপনাকে কামিয়াবি করুন— আমিন।
জানা গেছে, এর আগেও বিভিন্ন মন্তব্য করে আলোচনায় ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
এমএইচ