হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, সঙ্গে এরদোয়ানপুত্র বিলাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে এক দিনের সফরে কক্সবাজার এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।

তার নেতৃত্বে ১১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী জাতীয় দলের সাবেক তারকা মুসলিম ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে প্রতিনিধিদলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

পরে তারা কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

পরে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

তিনি বলেন, ২০১৭ সালের রোহিঙ্গাসংকটের সূচনালগ্ন থেকে তুরস্ক সরকার মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।

ওই সময় রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধিদলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে যান। সেখানে তারা তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করেন।

পরে তারা রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে। ম্যাচ শেষে নেকমেতিন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিলসহ প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানের ইফতার করবেন।

সূত্র বলছে, এক দিনের এই সফরে প্রতিনিধিদলটি রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান মানবিক অবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন।

এই প্রতিনিধিদলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ড. মোহাম্মদ মিজানুর রহমান বিষয় গুলো নিশ্চিত করেছেন।

ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

জ্বালানি ফুরিয়ে মাঝপথে বন্ধ হলো দূরপাল্লার বাস, দুর্ভোগে যাত্রীরা

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

বাড়ির ভেতরে লুকানো পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত