উপজেলা প্রশাসনের উদ্যোগে
জ্বালানি তেলের সংকটে কৃষিকাজে যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলা প্রশাসন। শিবচর উপজেলার প্রান্তিক কৃষকদের জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ ডিজেল বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শিবচরের উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
উদ্বোধনের পরপরই কৃষকদের মধ্যে ডিজেল বিতরণ শুরু হয়। এ সময় স্থানীয় কৃষকদের মধ্যে ১০ লিটার করে ডিজেল বিক্রি করা হয়।
শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোরো মৌসুমে সেচকাজের জন্য ডিজেলের ওপর নির্ভরতা বেশি থাকায় তারা কিছুটা দুর্ভোগে পড়েন। তাই ডিপো থেকে সরাসরি ১২ হাজার লিটার ডিজেল সংগ্রহ করে সরকারি মূল্যে সরাসরি কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। এতে প্রায় ১ হাজার ২০০ কৃষক উপকৃত হবেন।
এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তারা জানান, আগে পাম্পে গিয়ে নিয়মিত তেল না পেয়ে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এখন সরাসরি ডিজেল পাওয়ায় সেচ কার্যক্রম চালানো সহজ হবে।
শিরুয়াইল ইউনিয়নে মজিবর সরদার নামক এক কৃষক বলেন, ‘বোরো মৌসুমে তেল ছাড়া কিছুই করা যায় না। আজ ১০ লিটার ডিজেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা ভালোভাবে চাষ করতে পারব।’
জালাল মিয়া নামের আরেক কৃষক বলেন, ‘আমাগো মতো গরিব কৃষকের জন্য এই উদ্যোগটা অনেক বড় সহায়তা। আগে পাম্পে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হইত। এখন সরাসরি তেল পাইয়া চাষাবাদ চালাইতে সুবিধা হইতেছে।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, প্রতিদিন অসংখ্য কৃষক তেল সংগ্রহের জন্য আসছেন। কিন্তু সরবরাহ সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছিলেন না। কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন বলে আমরা আশাবাদী।’