গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান (৪৯) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দর্জির (৪২) নেতৃত্বে গত ৯ নভেম্বর ভোরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাতর্মীরা কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরারচর বাজার এলাকায় মিলনের বাড়ির সামনে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটান।
সব ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আসামিরা জনসম্মুখে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করাসহ দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর জন্য সমবেত হন। এ সময় তারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ ইত্যাদি স্লোগান দিয়ে নাশকতামূলক অপরাধ সংঘটনের চেষ্টা চালান।
দায়ের করা মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান ও সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ব্যানার টানানো এবং উসকানিমূলক স্লোগান দিয়ে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন।
মূলত তাদের পূর্বঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এই মামলায়। ঘটনার পর এলাকাবাসীর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে জ্বালানি কাঠ ও পোড়ানো টায়ারের অংশবিশেষ জব্দ করে পুলিশ। এর আগে থানা-পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।