ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সোমবার (৯ মার্চ) ভোর ৫টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার পর প্রায় তিন ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতের শেষভাগ থেকে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌচলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ ভোর সোয়া ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
পরে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।ফেরি চলাচল শুরু হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে পড়া যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন আমার দেশকে জানান, ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় ভোর ৫টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।