হোম > সারা দেশ > ঢাকা

নিষেধাজ্ঞা অমান্য করায় ৪০০ কেজি ইলিশসহ তিন ট্রলার জব্দ

প্রতিনিধি, শরীয়তপুর

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদী দিয়ে ইলিশ পরিবহনের সময় অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে যৌথবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ করেছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মাছুয়াখালী এলাকার মেঘনা নদীর শাখা দিয়ে ট্রলারে করে ইলিশ পরিবহন করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশসহ তিনটি ট্রলার জব্দ করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা নদীতে পালিয়ে যায়।

পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন।

গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব বলেন, মা ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ ইলিশ ধরা বা পরিবহন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত ট্রলার তিনটি বর্তমানে মৎস্য বিভাগের হেফাজতে আছে।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয় ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি