ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরির পর চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
আটক চোরের নাম হারুন মোল্যা (৫০)। উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ চোর চক্র। পরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামে গিয়ে হারুনের বাড়িতে গরুগুলো খুঁজে পান। স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় তাকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
অসিত সরকার বলেন, “রাত আনুমানিক তিনটার দিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়ালঘরের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখি তিনটি গরুর একটিও নেই। রাতেই লোকজন নিয়ে খোঁজে বের হই। একপর্যায়ে গরুর পায়ের ছাপ অনুসরণ করে চোরের বাড়ি খুঁজে পাই। পরে গরুগুলো উদ্ধার করি।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”