হোম > সারা দেশ > ঢাকা

খুঁটি আছে বাতি নেই, রাতের নিস্তব্ধতায় ভয়ংকর সড়ক

কবিরুল ইসলাম, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নতিকরণ কাজ প্রায় শেষের দিকে। সড়কের উন্নতির পাশাপাশি চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সড়কের মাঝে রোপণ করা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। এসব গাছে ফোঁটা ফুলের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর এক অপরাধী চক্র। যে চক্র রাত থেকে ভোর পর্যন্ত দূরপাল্লার যাত্রী ও ব্যবসায়ীদের টার্গেট করে লুটে নেয় সর্বস্ব। কখনো মোটরসাইকেল, কখনো সিএনজিতে এসে ছিনতাই শেষে নির্বিঘ্নে চলে যায় ছিনতাইকারীরা। ফলে আতংকের নাম হয়ে উঠেছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড।

সূত্রমতে, ৮ কিলোমিটার ১৫০ মিটার দীর্ঘ এ সড়কটি ৬ লেনে উন্নতিকরণের কাজ শুরু হয় ২০২১ সালে। ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠান ৪ বছরেও প্রকল্পের কাজ বুঝিয়ে দিতে পারেনি। সড়কের মাঝে সড়কবাতির খুঁটি স্থাপন করা হলেও এখনো বাতি স্থাপনের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে নারায়ণগঞ্জ জেল খানার সামনে থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত ছিনতাকারীদের অভয়ারণ্যে পরিণত হয়ে উঠেছে।

গত ৩১ মে ভোরে জাফলং থেকে বাসে এসে সাইনবোর্ড মোড়ে নামের শিবু মার্কেট এলাকার ব্যবসায়ী শাকিল চৌধুরী শুভ। ভোরে কোন বাস না পেয়ে অনেকটা বাধ্য হয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় ওঠেন তিনি। অটোটি ভুইগড় বাসস্ট্যান্ডের কিছুটা আগে আসতেই রাস্তার পাশ থেকে এক যুবক আস্ত একটা ইট অটোচালকের মাথা বরাবর নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে তার মাথা ও মুখের চোয়াল ফেটে যায়। জ্ঞান হারিয়ে তিনি গাড়ির স্টেয়ারিংয়ের উপর পড়ে যায়।

শুভ বুঝতে পারেন এটা ছিনতাইকারী চক্রের কাজ। সাথে সাথে তিনি জীবন বাঁচাতে দৌড়ে ভুইগড় বাসস্ট্যান্ডে চলে যান এবং একটি চায়ের দোকানে আশ্র‍য় নেন। সেখানে উপস্থিত অন্যদের ঘটনা জানান এবং তার পেছনে আসা এক মোটসসাইকেল আরোহী ছিনতাইকারীদের দেখান। তখন সবাই তাকে চুপ থাকার পরামর্শ দিয়ে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেন। কারণ ছিনতাইকারী চক্রটি এলাকার সবার পরিচিত।

পরদিন শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান গাফফারীকে সাথে নিয়ে বিষয়টি পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানার ওসিকে অবহিত করেছিলেন। কিন্তু এখনো সে ঘটনায় হোন্ডা পার্টির কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ফতুল্লার মাছ ব্যবসায়ী আব্দুল জব্বার নিয়মিত যাত্রাবাড়ি মাছের আড়তে মাছ কিনতে যান। গত এপ্রিলে মাছ কিনতে যাওয়ার পথে ভোরে সিএনজিতে যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন।

তিনি বলেন, আমরা ফজরের আগেই যাত্রাবাড়ীর দিকে মাছ আনতে মেলা দেই (রওয়ানা হই)। হেই সময় বাত্তির অভাবে লিংক রোডটা কুটকুটে অন্ধকারে ডুইবা থাকে। প্রায়ই আমরা ছিনতাই এর কবলে পইড়া নিঃস্ব হইছি। এইভাবে ছিনতাইকারীদের উৎপাত চল্লে আমরা পরিবার নিয়ে চলতে পারমু না।

স্থানীয়রা বলছেন, ছিনতাইকারীদের প্রধান টার্গেট মাছ ব্যবসায়ী ও দূরপাল্লার যাত্রীরা। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় বিভিন্ন জেলার মানুষ এখানে এসে চাকরি করে। ভোরে সাইনবোর্ড মোড়ে বাস থেকে নেমে যাত্রীরা যখন অটোরিকশা অথবা সিএনজিতে উঠে বসেন, তখন ছিনতাকারীরা যাত্রীবেশে সেই বাহনেই থাকে। অথবা রাস্তার অন্ধকারে উৎপেতে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয়। বিশেষ করে পাসপোর্ট অফিসের সামনে থেকে জেল খানা পর্যন্ত প্রায় ৫টি স্পটে ছিনতাই হয় বেশি। এসব ছিনতাকারীদের অনেকেই চেনে কিন্তু ভয়ে কেউ মুখ খুলে না৷

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, এই সড়কে পুলিশের টহল টিম নিয়মিত টহল দিয়ে থাকে। ছিনতাইকারীরা যাত্রীবেশে ছিনতাই করায় অনেক সময় আমরা বুঝতে পারি না। ছিনতাইসহ অপরাধীদের নির্মূল করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দীর্ঘসূত্রিতার বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক বাতি লাগানোর কাজ চলমান আছে। আশা করছি আগামী মাসের মধ্যে সম্পন্ন হবে।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি