নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে ফতুল্লায় রেললাইন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার সমন আলী ব্যাপারীর ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।
মামুনের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে ইট, বালু, সিমেন্ট লোড-আনলোড করে বাসায় ঘুমিয়ে পড়েন মামুন। পরে মোবাইলে কল এলে বেরিয়ে নিজের অফিসের সামনে দাঁড়ান তিনি। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দ পেয়ে লোকজন গিয়ে দেখেন মাটিতে পড়ে আছেন মামুন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তদের বয়স ২৮ থেকে ৩০ বছর হবে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। নিহতের মোবাইল ফোনের কল লিস্ট ধরে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।