নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘জামিয়া আশরাফিয়া’ মাদরাসায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদরাসার কিতাব বিভাগের অন্তত ৬৩ শিক্ষার্থী আহত ও বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকায় অবস্থিত চারতলা ভবনবিশিষ্ট ‘জামিয়া আশরাফিয়া’ মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকালে মাদরাসায় গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া প্রায় ৫০ লাখ টাকার মহামূল্যবান কিতাবের স্তূপ মাদরাসার আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পাশাপাশি পুড়ে যাওয়া আলমারি, টেবিল ও চেয়ার রাখা হয়েছে মাঠের পাশে। সকাল থেকেই দুর্ঘটনাগ্রস্ত মাদরাসা দেখতে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে হাজির হন।
সকাল ১০টার দিকে মাদরাসা পরিদর্শনে আসেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা উল হুসনা পিংকি। তারা ক্ষতিগ্রস্ত লাইব্রেরিসহ পুরো মাদরাসা ভবন ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলামের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান জানান, মাদরাসায় প্রাথমিক অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। তাছাড়া লাইব্রেরি কক্ষটি ইন্টেরিয়র ডিজাইন করা ছিল। ইন্টেরিয়রে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত পুরো লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, এটি ফতুল্লার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আগুনে মাদরাসার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় মাদ্রাসার লাইব্রেরিটি আবারও সমৃদ্ধ হয়ে উঠবে। তবে মাদ্রাসায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন ছিল না—সংবাদকর্মীদের এমন প্রশ্ন তিনি কৌশলে এড়িয়ে যান।
সকাল সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত লাইব্রেরি পরিদর্শনে আসেন মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এ সময় তিনি বলেন, মাদরাসার যেসব শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সরকারের কাছে তাদের সুচিকিৎসা প্রদান ও মাদরাসার সার্বিক পুনর্গঠনে সহযোগিতার দাবি জানাচ্ছি। পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও আহত শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মারাসার কিতাব বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ জানায়, রাতে প্রতিদিনের মতো শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো ভবনে ঘন ও বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। ঘুমন্ত অবস্থাতেই বিষাক্ত ধোঁয়ায় শিক্ষার্থীরা তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। পরবর্তীতে দ্রুত নামতে গিয়ে ও তাড়াহুড়া করতে গিয়ে সিঁড়িতে ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন।