হোম > সারা দেশ > ঢাকা

নদীতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর বউ-শাশুড়ির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেরি থেকে অটোরিকশাসহ মেঘনায় ছিটকে পড়ার ১৩ ঘণ্টা পর শাশুড়ি-পুত্রবধূর লাশ উদ্ধার হয়েছে।

নিহতরা হলেন খালেদা বেগম (৫৫) ও ফারজানা বেগম (২২)। বিকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান জানান, অটোরিকশাটি উদ্ধার হয়েছে। ভেতরে দুই নারীর লাশ পাওয়া গেছে।

এর আগে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয় খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানার স্বামী সাগর হোসেনকে। তারা চিকিৎসাধীন। তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কামালের চাচাতো ভাই মোসলেহ উদ্দিন বলেন, ‘আমার চাচা-চাচি সপরিবারে ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। চাচা একটা পেট্রোল পাম্পে চাকরি করেন। চাচি, তার দুই ছেলে ও এক পুত্রবধূ সিএনজিচালিত অটোরিকশায় আজ বাড়ি ফিরছিলেন। পথে ফেরিতে ওঠার কিছুক্ষণ পর ঝাঁকুনি লেগে অটোরিকশাটি মেঘনা নদীতে পড়ে যায়। এ সময় আমার চাচাতো ভাই কামাল উঠতে পারলেও চাচি ও চাচাতো ভাইয়ের বউ বের হতে পারেনি।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার চালক কুদ্দুছ ও ফারজানার স্বামী সাগর মিয়া পাশে নেমে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে তিনজন বসা ছিলেন।

তাদের অভিযোগ, ফেরিটির পেছনে কোনো রেলিং বা সুরক্ষার ব্যবস্থা ছিল না। ফলে সামান্য ঝাঁকুনি লাগতেই কাত হয়ে অটোরিকশাটি যাত্রীসহ মেঘনা নদীতে পড়ে যায়। দীর্ঘদিন ধরে কড়িকান্দি-বিশনন্দী ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে।

আড়াইহাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে ছুটে যান।

এই দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’