আমার দেশে সংবাদ প্রকাশ
আমার দেশে সংবাদ প্রকাশের পর গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার মাটিকাটা, বটতলা ও রতনপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ‘কালিয়াকৈরে রেলওয়ের জমি দখলের মহোৎসব’ শিরোনামে মঙ্গলবার আমার দেশে সরেজমিন প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদটি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে বুধবার অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম, রেলের খালাসী নিসা রহমান, সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রুবিনা আক্তার এবং সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, রেলওয়ের জমি রাষ্ট্রের সম্পদ। এটি দখল করে রাখার কোনো সুযোগ নেই। বসতঘর নির্মাণ সম্পূর্ণ বেআইনি। উচ্ছেদের পর কেউ পুনরায় দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জেডএম