হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে জমে উঠেছে পশুর হাট, চাহিদার চেয়ে বেশি প্রস্তুত গরু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুর জেলার শিবচর উপজেলার খামারগুলোতে এখন চলছে ব্যস্ততম সময়। ছোট-বড় শত শত খামারে দিন-রাত পরিশ্রম করে কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কোথাও গরুকে গোসল করানো হচ্ছে, কোথাও খাবার দেওয়া হচ্ছে,আবার কোথাও ক্রেতাদের সঙ্গে চলছে দরদাম। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বেড়ে যাচ্ছে ব্যস্ততা ও আশা-প্রত্যাশা।

শিবচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবার শিবচরে ৬৬৫টি ছোট-বড় খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২১ হাজার ২০০টি পশু। এর মধ্যে রয়েছে ১০ হাজার ৯৮০টি গরু, কয়েকটি মহিষ এবং প্রায় ১০ হাজার ২৩০টি ছাগল ও ভেড়া। অথচ উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ১৯ হাজার। সেই হিসাবে স্থানীয় চাহিদা পূরণ করেও প্রায় ২ হাজার পশু উদ্বৃত্ত থাকবে, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতে পারে।

উপজেলার কাদিরপুর ইউনিয়নে অবস্থিত শিবচরের অন্যতম বড় খামার ‘নাইম খান এগ্রো ফার্ম' এ গিয়ে দেখা যায় ভিন্ন এক কর্মচঞ্চল। এই গরুর খামারের প্রতিটি গরুকে আলাদা যত্নে লালন-পালন করা হচ্ছে। খামারে বর্তমানে রয়েছে প্রায় ১৬০টি গরু, ৪টি মহিষ, ২৩০ ছাগল এবং কিছু ভেড়া।

খামারের মালিক মশিউর রহমান মজিবর খান জানান,পাঁচ বছর আগে মাত্র ৩০টি গরু নিয়ে যাত্রা শুরু করলেও এখন তার খামারটি উপজেলার অন্যতম বড় খামারে পরিণত হয়েছে।তিনি বলেন,আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু পালন করি। কাঁচা ঘাস, ভুষি ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। তবে এবার পশুখাদ্যের দাম অনেক বেড়ে গেছে। উৎপাদন খরচও আগের তুলনায় বেশি। তারপরও আশা করছি ভালো দাম পাবো। তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে ক্রেতারা খামারে এসে পশু দেখছেন এবং দরদাম করছেন। কিছু পশু সরাসরি খামার থেকেই বিক্রি হচ্ছে,আবার কিছু পশু স্থানীয় হাটে তোলা হবে।

নাইম খান এগ্রো ফার্মের কর্মরত শ্রমিকরা জানান, প্রতিদিন নিয়ম করে পশুকে খাবার দেওয়া হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে নিয়মিত। খামারের প্রতিটি পশুকে যেন সুস্থ ও আকর্ষণীয় রাখা যায়, সে বিষয়েও তারা সতর্ক রয়েছেন। শুধু বড় খামার নয়,উপজেলার ক্ষুদ্র ও মাঝারি খামারিরাও এখন ব্যস্ত সময় পার করছেন। বছরজুড়ে কষ্ট করে লালন-পালন করা পশুগুলো বিক্রির অপেক্ষায় রয়েছেন তারা। তবে অনেক খামারি পশুখাদ্য, ওষুধ ও চিকিৎসা ব্যয় বৃদ্ধিতে কিছুটা দুশ্চিন্তায় আছেন। 

লিওন এগ্রো ফার্মের মালিক লিওন ঢালি বলেন, বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এবং অবৈধভাবে পশু আমদানি নিয়ন্ত্রণ করা গেলে ভালো লাভের মুখ দেখবো,আমরা যদি ভালো দামে বিক্রি করতে পারি আমাদের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করি। আগামীতো আমরা আরো বেশি গরু লালন পালন করতে পারবো।

ঈদকে ঘিরে শিবচরের খামারগুলোতে এখন উৎসবের আমেজ।দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ব্যস্ততা।আর সেই ব্যস্ততার মাঝেই খামারিদের চোখে-মুখে ফুটে উঠছে স্বপ্ন বছরের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা।

শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোষ বলেন, এবার শিবচরে কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। খামারিদের সহযোগিতায় মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছে প্রাণিসম্পদ বিভাগ। ভেটেরিনারি সার্জন ডা.মোস্তাফা কামালসহ ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী খামারিদের সেবা দিয়ে যাচ্ছেন।ভারতীয় গরু অবৈধভাবে প্রবেশ না করলে স্থানীয় খামারিরা ন্যায্য মূল্য পাবেন বলে আমরা আশাবাদী।

এদিকে কোরবানির পশু বিক্রিকে কেন্দ্র করে উপজেলার হাটগুলোতেও চলছে ব্যাপক প্রস্তুতি। মাদবরেরচর হাটের পক্ষে আজমল হুদা চৌধুরী ইথু জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জাল টাকা শনাক্তকরণ, সার্বিক আইন-শৃঙ্খলা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতায় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

গজারিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আড়াইহাজারে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

নরসিংদীর চরাঞ্চলে বাড়ছে বাদাম চাষ, হাসি ফুটছে চাষির মুখে

পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যায় মামলা, ফুঁসে উঠেছে এলাকাবাসী

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌযান চলাচল বন্ধ

শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী