পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মানবসেবায় গৌরবোজ্জ্বল পাঁচ বছর পূর্ণ করা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অষ্টগ্রাম ব্লাড ব্যাংক’-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
৩১ মে রোববার সকাল ১০ ঘটিকায় সদস্যদের মধ্যে ৬০০ টি-শার্ট বিতরণ করা হয়, দুপুর ১২টায় অষ্টগ্রাম উপজেলা অডিটোরিয়ামে এক জমকালো আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির পাঁচম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
সংগঠনের আহ্বায়ক হাফেজ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি।
অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি বলেন, ‘মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদানের মতো মহৎ কাজ আর হতে পারে না। অষ্টগ্রাম ব্লাড ব্যাংক তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাচ্ছে। এই ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত যারা, তোমরা আমার সন্তানের মতো, তবু আমি তোমাদের সবাইকে সালাম জানাই। এই মহতী কাজের জন্য সর্বদা আমি তোমাদের পাশে আছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, অষ্টগ্রাম সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গিয়াস উদ্দিন আশরাফি, অষ্টগ্রাম থানার ওসি মোঃ রুকনুজ্জামান ও অ্যাডভোকেট মাহবুবুল আলম আক্তার প্রমুখ। এছাড়া স্থানীয় সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বিগত পাঁচ বছরের সেবামূলক কার্যক্রমের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই সংগঠন এ পর্যন্ত সম্পূর্ণ নিজস্ব খরচে সর্বমোট ১০ হাজার ৬৯৫ ব্যাগ রক্তদান সম্পন্ন করে এক অনন্য রেকর্ড গড়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে নজরুল নামের এক রক্তদাতা একাই ১৫১ বার রক্তদানের এক অনন্য ও অনুপ্রেরণামূলক রেকর্ড সৃষ্টি করেছেন।
সংগঠনের পরিচালক ফয়সাল, ফাইজুল ও জুনাইদ জানান, বর্তমানে ৩০ জন পরিচালক সার্বক্ষণিকভাবে এই পুরো কার্যক্রম মনিটরিং করছেন। এছাড়া অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলাসহ সংগঠনের রেজিষ্ট্রেশন কৃত মোট ৫৯১ জন সদস্য দিন-রাত মানুষের প্রয়োজনে রক্তদানে সদা প্রস্তুত থাকেন। বিভিন্ন অঞ্চলের আরো ৬০০ সদস্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিরা অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের সব রক্তদাতা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকায় প্রতিশ্রুতি দেন এবং আগামী দিনেও এই মানবিক সেবার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও রক্তসৈনিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও মধ্যাহ্নভোজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএইচ