ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনের কয়েক সপ্তাহ পর স্বস্তি ফিরেছে গাজীপুরের কালিয়াকৈরের শিল্পাঞ্চলে। শনিবার সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন শিল্পকারখানার শ্রমিকেরা। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন এলাকায় বন্ধ থাকা কারখানাগুলোও আজ থেকে খুলতে শুরু করেছে।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগদান করছেন।
জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কয়েক সপ্তাহ ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুরের কালিয়াকৈর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ ভাগ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে অর্ধশত কারখানায় ছুটি দেওয়া হতো। পূর্বের ১২ হাজার ৫০০ টাকার বেতন বাড়িয়ে এখন ১৭ হাজার ৫০০ টাকা ঘোষণা করেছে মজুরি বোর্ড। নতুন মজুরি মেনে নিয়ে কাজে যোগদান করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে শিল্পাঞ্চলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার জানান, ‘নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব।’
পোশাকশ্রমিক রাহিমা আক্তার জানান, আগে যে বেতন পেতাম, তা দিয়ে আমাদের মাসের খরচ হতো না। বাড়িভাড়া অনেক বেশি, বাজারে জিনিসের দামও বেশি। তবে এখন আমরা খুশি। আমাদের আর কষ্ট হবে না।
কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, আন্দোলন থেকে শ্রমিকেরা বেরিয়ে এসেছেন। তারা আনন্দের সঙ্গে কারখানায় যোগদান করছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে মালিক-শ্রমিক উভয়ই খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকেরা ভালো থাকব। দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার জানান, আশা করি আজ থেকে শ্রমিকেরা আর আন্দোলনে আসবেন না। তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা আজ কারখানার কাজে যোগদান করেছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।