নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তোলে মুক্তারপুর-পঞ্চবটি উড়াল সড়কের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। গত শুক্রবার সকাল থেকে সড়কের কাশীপুর অংশের কাজ বন্ধ করেন স্থানীয়রা। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্লোগান দেন । এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী যেখানে আরসিসি ঢালাই দেওয়ার কথা, সেখানে কেবল সাধারণ সিসি ঢালাই করা হচ্ছে। এছাড়া ঢালাইয়ের ওপর নিম্নমানের তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
তাদের দাবি, এটি একটি মেগা প্রকল্প হওয়া সত্ত্বেও কাজে অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা দেখা দিয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে কাজের মান যাচাই না করা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, কাশীপুরের সম্রাট সিনেমা হল এলাকা থেকে কাশীপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত উড়াল সড়কের নিচের বিভিন্ন অংশে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হলেও এখনো কেউ ঘটনাস্থল পরিদর্শনে আসেননি বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে প্রকল্পটির পরিচালক ওয়াহিদুজ্জামান জানান, নিম্নমানের নির্মাণসামাগী ব্যবহারের যে অভিযোগ এলাকাবাসী করেছেন, সেটার প্রমাণ আমরা পেয়েছি। এরমধ্যে প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মুক্তারপুর-পঞ্চবটি ছয় লেন মহাসড়ক প্রকল্পের আওতায় প্রায় ১০ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ হচ্ছে। এর মধ্যে প্রায় ৯ দশমিক ৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে (দ্বিতল সড়ক) এবং বাকি অংশ অ্যাটগ্রেড চার থেকে ছয় লেনের রাস্তা। প্রকল্পে থাকবে র্যাম্প, ওজন স্টেশন, টোলপ্লাজা, গোলচত্বর ও সংযোগ সড়ক।
প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৬৫৯ কোটি টাকা, পরে তা বাড়িয়ে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকায় উন্নীত করা হয়। প্রথমে মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। তবে কাজের ধীরগতির কারণে তা বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।
চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানÑস্যানডং লুকিয়াও গ্রুপ কোম্পানি লিমিটেড এবং স্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ—প্রকল্পটি বাস্তবায়ন করছে।