শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টি করা ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ৫টি অবৈধ হর্ন।
মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
এমএইচ