টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশেই এ ঘটনা ঘটে।
এ ছাড়া একই সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ২০০ গজ দূরে জুলাই আন্দোলনের শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা প্রথমে আগুন দেয়। এর কিছুক্ষণ পর গোড়াই ফ্লাইওভার এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব নাশকতার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর গোড়াইসহ আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোড়াই ফ্লাইওভারের নিচে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, সংবাদ পাওয়ামাত্রই অল্প সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ কাজ করছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নাশকতা ঠেকাতে গত কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই এবং মির্জাপুর সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।