কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় আগরপুর-পোড়াদিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া এলাকার মৃত মোহাজ উদ্দিনের ছেলে মো. শামীম এবং লক্ষ্মীপুর কাচারিপাড়া এলাকার মো. মনু মিয়ার ছেলে মো. আলামিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরের দিকে আসার পথে মধ্যপাড়া স্থানে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তবে আহতরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন দৈনিক আমার দেশকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী নিহতদের পরিবারের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।