কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসের দালালচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে তার নিজ দোকান থেকে তুলে নিয়ে মারধর করা হয়। এতে তার হাত-পা ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। এই হামলার জন্য বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামকে দায়ী করছেন স্থানীয়রা।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। “লতিবাবাদ ইউনিয়নবাসী” ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনগণ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাবুল মিয়ার ওপর হামলা চালানো হয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।