মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চরউলাইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলেকের ছেলে মো. লাব্লু ওরফে লাবু মিয়া (৪৫)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটকের পর তাকে নিয়ে ফেরার পথে সইজুদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে লাব্লুর আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাব্লুকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। আহত দুই কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর শুক্রবার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় দুটি মামলা দায়ের করেন। একটি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, যেখানে লাব্লুকে আসামি করা হয়েছে। অপর মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “গ্রেপ্তার প্রত্যেকেই হামলায় সরাসরি অংশ নিয়েছে।”
তবে গ্রেপ্তারকৃতদের স্বজনদের দাবি, প্রকৃত হামলাকারীরা পালিয়ে গেলেও নিরপরাধ ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারীর কোলে শিশু সন্তান রয়েছে বলেও তারা জানান। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।