গাজীপুরের শ্রীপুরে অপহৃত কাপড় ব্যবসায়ীকে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী মো. নিজাম শেখ (৬০) ব্যবসায়িক লেনদেনের সূত্রে একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েন। পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে শ্রীপুরের মাওনা এলাকায় ডেকে এনে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান শ্রীপুর মডেল থানায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, এসআই লাল চাঁন মিয়া কৌশলে ছদ্মবেশ ধারণ করেন। তিনি লুঙ্গি ও গামছা পরে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাধখলা এলাকার দবীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। শাহাদত হোসেন ও আমির হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করেন পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নাছির আহমেদ জানান, এসআই মো. লাল চাঁন মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।