গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে ছুরিকাঘাতে শারমিন রুমা (৩৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী রতন মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই স্বামী পালিয়ে গেছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে কেওয়া বাজার এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক খোদেজা আক্তার জানান, রুমার দ্বিতীয় স্বামী রতন মিয়া কথা কাটাকাটি একপর্যায়ে পেছন থেকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শারমিন রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি কেওয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পারটেক্স কারখানায় চাকরি করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।