নরসিংদীর শিবপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহাম্মদ আলী হোসেন ওরফে আলীকে (২৮) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার এসআই রেজাউল ও এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ধানুয়া উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭.৬৫ মি.মি. একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আলী হোসেন শিবপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৬টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে, যেগুলোর সবগুলোতেই আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ঝুলছিল।
এছাড়াও সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহার এবং ভাড়াটে খুনের (কন্ট্রাক্ট কিলিং) সঙ্গে সরাসরি জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
সন্ত্রাসী আলী শিবপুর উপজেলার ধানুয়া উত্তরপাড়া গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে।
শিবপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আলী হোসেন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান বলেন, আলী হোসেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা পুলিশের চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। আমরা নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।