মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) শিবচর উপজেলার মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার বাসিন্দা এবং মোকশেদ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর থেকে শুকরণ বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুপুরে স্থানীয়রা মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি শুকরণ বেগমের বলে শনাক্ত করেন।
শিবচর থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুকরণ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং শুক্রবার দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।