জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির গুজব রোধে টাঙ্গাইলের ধনবাড়ীতে ফিলিং স্টেশনে অভিযান শুরু করেছে প্রশাসন।
ধনবাড়ী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী’র নেতৃত্বে মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে উপজেলার প্রায় ৪টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় জ্বালানি তেলের মজুদ, সরবরাহ অবস্থা ও বিক্রির বিষয়ে ফিলিং স্টেশনগুলো কার্যক্রম দেখাসহ ক্রেতাদের সচেতন করা হয়।
এদিকে সকাল থেকে ধনবাড়ীর বিভিন্ন তেল পাম্প ঘুরে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের যানবাহন নিয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কোথাও কোথাও মোটরসাইকেলের লম্বা লাইন ছিল। গ্রাহকেরা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন।
কয়েকজন মোটরসাইকেল চালকও প্রাইভেটকার চালক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। ঈদের আগে এই সংকট প্রকোপ হতে পারে। এ কারণে অনেকেই আগাম তেল নিয়ে রাখার চেষ্টা করছেন। যদিও তেল পাম্পগুলো থেকে সরকারের নির্দেশনার আলোকে তেল বিক্রি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, সরকার জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দিয়েছে। পাম্পগুলোতে যখন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তা সরকারী নির্দেশনা মেনে বিক্রয় করা হচ্ছে। তবে ক্রেতাদের মাঝে তেল সংকটের গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এটিকে পুঁজি করে তেল বিক্রি বন্ধ রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী দিনেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।