ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে রোববার (৮ মার্চ) সকাল ৭টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতের শেষভাগ থেকে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে আসে। ফলে নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌচলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। এতে চালক ও যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় সকাল ৭টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।