মানিকগঞ্জে হত্যা মামলার আসামি বিএনপি নেতা আব্দুল আলীমকে ছাড়াতে থানা ঘেরাও করলেন এলাকাবাসী। তিনি পুটাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
সোমবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তারের ঘটনায় মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে তারা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
জানা গেছে, ৩০ মে গভীর রাতে উত্তর পুটাইল গ্রামের মো. সজিব হোসেনের ওপর শতাধিক ব্যক্তি হামলা চালায়। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহত সজিবের ভাই রাজিব বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুটাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আলীমকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, সজিব নামে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে আব্দুল আলীমকে আটক করা হয়েছে। তার কিছু অনুসারী থানা প্রাঙ্গণে এসে মুক্তির দাবি জানিয়েছিল। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমই