সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে ওষুধ না পাওয়ায় কর্মচারীদের সঙ্গে রোগীর স্বজনদের মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার বিষয়ে তদন্তের জন্য তিনি সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল-হাসান নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করার বিস্তর অভিযোগ ছিল। গতকাল দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর প্রেসক্রিপশনের স্লিপে কর্তব্যরত চিকিৎসক ওষুধ লিখে দেন। পরে হাসপাতালের ফার্মেসিতে গেলে ওষুধ না দিয়ে স্লিপ রেখে দেওয়া হয়। তখন রোগীর স্বজনরা এর প্রতিবাদ করেন । একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।
রোগীর স্বজন রানা মিয়া অভিযোগ করে বলেন, হাসপাতালে ওষুধ থাকলেও কর্তৃপক্ষ তাদের ওষুধ দেয়নি। পরে এর প্রতিবাদ করলে রোগীর স্বজনদের শারীরিকভাবে হেনস্তা করেন হাসপাতালের এক কর্মচারী । এ সময় উপস্থিত অন্য রোগী ও তাদের স্বজনরাও এর প্রতিবাদ করেন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এক নারী রোগী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছি আমরা। তিনি ডাক্তারের স্লিপ দেখিয়ে বলেন, যে ওষুধ ডাক্তার লিখে দিয়েছেন তা আমাদের দেওয়া হচ্ছে না।