চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শরীয়তপুরে আক্রান্ত চিকিৎসক ডা. নাসিরসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার নেতৃবৃন্দ।
ড্যাবের জেলা শাখার সভাপতি ডা. মো. বদরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মাহফুজুর রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিকসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
মানববন্ধন থেকে স্বাস্থ্যখাতে সহিংসতা বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
জেডএম