গাজীপুরের টঙ্গীর আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুর্ধর্ষ চাপাতি কামাল (২৮) ও জাহিদ দেওয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃত জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লক এলাকার জয়নাল দেওয়ানের ছেলে; অপর আসামি কামাল হোসেন ওরফে চাপাতি কামাল (২৮) গাজীপুরা কাজীবাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে দেশি ধারালো অস্ত্রের মুখে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ কয়েকজন ছিনতাইকারী। এ ঘটনার একাধিক ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে।
পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ বৃহস্পতিবার রাতভর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই চিহ্নিত ও দুর্ধর্ষ ছিনতাইকারী চাপাতি কামল ও তার সঙ্গী জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএইচ