আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজা মাহমুদের মা হুরন নাহার রশীদ (৮৩) এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার আসর নামাজের পর ৫টার দিকে মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজউদদীন ।
এদিকে জানাজা শেষে মুন্নু মেডিকেল কলেজের পাশে স্বামী হারুনার রশীদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
এর আগে, রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হুরন নাহার রশীদ ইন্তেকাল করেন।
তিনি সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশীদ খান মুন্নুর স্ত্রী। ইতোপূর্বে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হুরন নাহার রশীদ।
দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে যান। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে রয়েছেন। আর ছোট মেয়ে ফিরোজা মাহমুদ আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক।
আমার দেশ পরিবার হুরন নাহার রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।