গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল হিমারদিঘী আমতলী কেরানিরটেক বস্তিতে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে ঘিরে ফেলে এবং হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে মাদক কারবারিরা কনস্টেবল আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, এসআই (নিরস্ত্র) নুরে আলম ও কনস্টেবল জাহানারা ইসলামকে মারধর করে আহত করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে শাহীন আহমেদ রিজভী ওরফে শাহীন (৩৫), সোহেল (২৮), রায়হান (২৪), রওশন আরা (৪৫), সুমি আক্তার (২২), নূরজাহান (৫০) ও বিউটি আক্তারকে (৩০) গ্রেপ্তার করে । তবে ওই এলাকার শীর্ষ মাদক কারবারি রুনা আক্তার ওরফে রুনা বেগম (৩৪) পালিয়ে যায়। তাদের মধ্যে রিজভী টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও গাসিক ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন জানিয়েছেন, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেডএম