ঈদের সপ্তাহব্যাপী ছুটিতে গাজীপুর সাফারি পার্কে ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। পার্কে আনা হয়েছে নতুন ৩ টি সিংহ, ছুটির দিনেও খোলা থাকবে সাফারি পার্ক।
গাজীপুর সাফারি পার্কে পবিত্র ঈদুল ফিতরের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে ।প্রতিদিন সকাল থেকে দর্শনার্থীরা সাফারি পার্কে এসে ভিড় জমাচ্ছেন । হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে মুখরিত পুরো পার্ক এলাকা।
এবার ঈদে সাত দিনের দীর্ঘ ছুটিতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে, এমনটাই প্রত্যাশায় দর্শনার্থীদের সেবা দিতে নানা সাজে সাজানো হয়েছে পার্কে এলাকা। টুরিস্ট পুলিশ সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।
পার্কে আসা দর্শনার্থীরা জানান, নির্মল সবুজ প্রাকৃতিক পরিবেশে গাজীপুর সাফারি পার্কে বেড়াতে এসে এবার বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। খুব কাছ থেকে উন্মুক্ত মাঠে বিচরণ করা রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভালুক, জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রজাতির হরিণ, গয়াল দেখা যায়। পথের পাশে দেখা মেলে বানরের দলের। এ ছাড়া দেখা যায় হাতি, ইমু পাখি, দুর্লভ শকুন, প্যাঁচাসহ বিভিন্ন প্রজাতির পাখি। রয়েছে জলহস্তী কুমির সাপসহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী।
কালিয়াকৈর থেকে আসা রফিকুল ইসলাম নামের এক দর্শনার্থী জানান, ঈদের ছুটিতে স্ত্রী সন্তানদের নিয়ে সময় কাটানোর জন্য সাফারি পার্কে এসেছেন। পার্কের ভেতর বাসে চড়ে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ ও ভালুক দেখে তাঁদের খুব ভালো লেগেছে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্ররা জানান, সাফারি পার্ক ঘুরে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা। এখানে নির্মল প্রাকৃতিক পরিবেশে অনেক দুর্লভ ও হিংস্র প্রাণী একসঙ্গে দেখা যায়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, ‘প্রতিবছর ঈদ উৎসবে দর্শনার্থীর চাপ থাকে পার্কে। এবারের ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া লক্ষ করা গেছে। দর্শনার্থীদের নিরাপত্তাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিদিনই পার্ক খোলা থাকবে। দর্শনার্থীদের কথা বিবেচনা করে ঈদের দিন বিকেলেও পার্ক খোলা ছিল।
পবিত্র ঈদুল ফিতরে বৈচিত্র্য বাড়াতে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে তিনটি সিংহ আনা হয়েছে। এগুলোর মধ্যে একটি সিংহ এবং দুটি সিংহী। এ ছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনেও পার্কটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
ডুলাহাজারা সাফারি পার্ক থেকে ৩ টি সিংহ আনা হয়েছে, নতুন তিনটি সিংহসহ এখন সাফারি পার্কে সিংহের সংখ্যা পাঁচটি।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ২০ মার্চ শুক্রবার থেকে সিংহ তিনটিকে প্রদর্শনীর জন্য নির্দিষ্ট বেষ্টনীতে রাখা হয়েছে। শনিবার ঈদের দিন থেকে দর্শনার্থীরা পার্কের অন্যান্য প্রাণীর সঙ্গে নতুন করে আনা সিংহগুলো দেখতে পাচ্ছেন।
এ ছাড়া সাপ্তাহিক মঙ্গলবার বন্ধের দিন হলেও বিশেষ ব্যবস্থাপনায় সেটি চালু রাখা হবে। পার্ক কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন উৎসবের সময় মঙ্গলবার বন্ধের বিষয়টি না জেনে বহু দর্শনার্থী এসে হতাশ হয়ে পার্কের ফটক থেকে ফিরে যান। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবার ঈদে বন্ধের দিনে বিশেষ ব্যবস্থাপনায় পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে কিছু পর্যটক বাস সংস্কার করা হয়েছে। বর্তমানে পার্কের মোট সাতটি শীততাপনিয়ন্ত্রিত ও নিরাপদ মিনি বাস পর্যটক পরিবহনের জন্য তৈরি আছে। এ ছাড়া পার্কের ভেতরে বিভিন্ন জায়গায় আছে ফুডকোর্ট ও শৌচাগার সুবিধা।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তারেক রহমান বলেন, এই ঈদে দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা দেওয়া নিশ্চয়তা দিতে তাঁদের সব কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন। পর্যটক বাসে চড়ে সাফারি কিংডমের ভেতর ঘুরে ঘুরে বাঘ, ভালুকসহ বিভিন্ন প্রাণীর দেখা পাবেন দর্শনার্থীরা।