গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শসা ভর্তি একটি পিকআপ সড়কের পাশের খাদে পড়ে চালক হেলপার ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার এসআই সুশান্ত চন্দ্র সরকার ও স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী থেকে শসা ভর্তি একটি পিকআপ ভ্যান গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক-হেলপার ও এক ব্যবসায়ী নিহত হন।
এসআই সুশান্ত চন্দ্র আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায় নি।