হোম > সারা দেশ > ঢাকা

কৃষি রক্ষায় সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার

শ্রীপুরে চৌক্কার খাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী (ছাপিলাপাড়া) এলাকায় অবস্থিত চৌক্কার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, খাল খনন একটি বিপ্লব, একটি আন্দোলন। দেশের টেকসই উন্নয়ন ও কৃষি রক্ষায় সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে খাল সংলগ্ন মাঠে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হবে। খাল খনন কোনো সৌন্দর্যবর্ধনের প্রকল্প নয়; এটি কৃষি, মৎস্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি জনকল্যাণমূলক উদ্যোগ।” তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দূরদর্শী চিন্তা থেকেই খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল এবং চৌক্কার খাল খননের সময় তিনি নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন।

মন্ত্রী আরও বলেন, খাল পুনঃখননের ফলে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষের সুযোগ সৃষ্টি, সেচব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। “একসময় এই খালের পানি দিয়ে আশপাশের জমিতে সেচ দেওয়া হতো, মাছের প্রাচুর্য ছিল—আমরা সেই অবস্থা ফিরিয়ে আনতে চাই,” যোগ করেন তিনি।

বর্তমানে খালটির বিভিন্ন স্থানে অবৈধ দখল, বাঁধ নির্মাণ, বর্জ্য ফেলা এবং স্থাপনা গড়ে ওঠার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রভাবশালী মহল খাল দখল করে রেখেছে—এগুলো উচ্ছেদ করা হবে। জনগণের সম্পদ জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে।”

তিনি জানান, সরকারের দৃশ্যমান উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই এ কর্মসূচি শুরু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যাতে খাল ও নদীর পানি-দূষণ রোধ করা যায়। চৌক্কার খালের পাশের শিল্পকারখানাগুলোর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও পরিকল্পনার আওতায় আনা হবে বলে তিনি জানান।

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আইনুল হক, গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, খায়রুল কবির মন্ডল আজাদসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নিজ হাতে খনন করা শ্রীপুরের চৌক্কার (স্থানীয়ভাবে ছক্কার/গড়গড়িয়া) খাল বর্তমানে দখল ও দূষণের কবলে পড়ে বিলীনের পথে। আশির দশকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এ খালটি খনন করা হয়, যা পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী (ছাপিলাপাড়া) এলাকার বুক চিরে প্রবাহিত হয়ে কৃষি সেচ, মাছ ধরা ও দৈনন্দিন নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু দীর্ঘদিনের দখল, ভরাট ও দূষণের কারণে খালটির স্বাভাবিক অস্তিত্ব আজ হুমকির মুখে।

স্থানীয়রা আশা করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দখল-দূষণে বিপর্যস্ত চৌক্কার খাল পুনরুজ্জীবিত হবে এবং এলাকার কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

মধুমতি নদীতে জেগে ওঠা চর ভ্রমণ পিপাসুদের কাছে এখন ‘মিনি কক্সবাজার’

দেশ ও জনগণের পাশে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় : নিয়াজ আহমদ খান

ইন্দুরকানীতে আ.লীগ নেতা আজিজ মিনিস্টার গ্রেপ্তার

শিবচরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা, ৭ পুলিশ আহত

নরসিংদীতে ওবায়দুল্লাহর বাড়িতে শোকের মাতম

রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, দিশাহারা কৃষক

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা-হুমকির অভিযোগে জিডি

উড়াল সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী