হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ

বাড়তি ভাড়া দিয়ে ঘরে ফিরছে মানুষ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেড়েছে ঈদযাত্রী পরিবহনের চাপ। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ! বেলা বাড়ার সাথে সাথেই যানবাহনের চাপ বেড়ে চলেছে। ঢাকা থেকে বাড়তি ভাড়ার বোঝা মাথায় নিয়েই গন্তব্যে ফিরতে হচ্ছে বলে জানান সাধারণ যাত্রীরা।

সরেজমিনে বুধবার সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন ও মোটরসাইকেলের চাপ রয়েছে। ঢাকা থেকে দূরপাল্লার সকল পরিবহনেই যাত্রীদের ভিড় রয়েছে। এছাড়া, লোকাল পরিবহনেও যাত্রীদের অতিরিক্ত ভিড় রয়েছে। ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্টপেজে স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া দিয়েই ফিরতে হচ্ছে বলে যাত্রীরা জানান।

যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। ভোর থেকেই বাড়ি ফেরার যেন প্রতিযোগিতা সাধারণ যাত্রীদের মধ্যে। তবে বরাবরের মতো এবারও ঢাকা থেকে শিবচর ও ভাঙ্গা পর্যন্ত আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা থেকে শিবচরের পাঁচ্চর পর্যন্ত লোকাল পরিবহনে যাত্রী প্রতি ১৭০ টাকা ভাড়া।

তবে ঈদকে সামনে রেখে সাড়ে ২৫০ টাকা থেকে ৪৫০ টাকা করে ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। দূরপাল্লার যাত্রীদের চেয়ে স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে বলে তারা জানান। ঢাকা থেকে বেশির ভাগ পরিবহনই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাচ্ছে। পদ্মা সেতু পার হয়ে শিবচর ও ভাঙ্গার বিভিন্ন স্টপেজে নামতে ভাঙ্গা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে।

ঢাকা থেকে আসা যাত্রী প্রতীক রহমান বলেন,' ঈদের সময় বরাবরই বেশি ভাড়া নিয়ে থাকে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হয়েছে। যাত্রীদের ভিড় বেশি। পরিবহন ভেদে ভাড়াও বেশি দিতে হচ্ছে। ঢাকা থেকে শিবচর পর্যন্ত ৪৫০ টাকা নিচ্ছে।'

রাজা মিয়া নামের এক যাত্রী বলেন, 'ঈদের সময় বাড়ি ফেরা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে পদ্মা সেতু হবার পর বাড়ি ফিরতে যে ভোগান্তি হতো তা আর নেই। ভাড়ার পরিমাণ কিছুটা বেশিই নিচ্ছে। তর্ক করার সুযোগ নাই। লোকের প্রচন্ড চাপ থাকায়, যে যার মতো করেই বাসে নিজের জায়গা করে নিচ্ছে।'

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরসহ একাধিক স্টপেজে দেখা গেছে ঢাকা থেকে আসা যাত্রীদের মোটামুটি ভিড় রয়েছে । যাত্রীরা বাস থেকে নেমে থ্রি-হুইলারে চেপে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। এছাড়া এক্সপ্রেসওয়ের দক্ষিনাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসসহ সকল পরিবহনেরই বাড়তি চাপ রয়েছে। অন্যদিকে ঢাকাগামী লেনে ঢাকার উদ্দেশ্যে যাওয়া পরিবহন যাত্রীশূণ্য দেখা গেছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম জানান,' আসন্ন ঈদে মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ শুরু হয়ে গেছে। যাত্রীদের ভোগান্তিরোধে আমাদের হাইওয়ে পুলিশের টহল অব্যাহত আছে। দুর্ঘটনারোধে পরিবহনের গতি নিয়ন্ত্রণেও আমার কাজ করে যাচ্ছি। পুলিশের টহল টিম রয়েছে মহাসড়কে।'

ঐতিহ্যবাহী শোলাকিয়া জামাত হবে সকাল ১০টায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

টঙ্গীতে তিন পুলিশ সদস্যকে মারধর করায় গ্রেপ্তার যুবক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে যানবাহনের চাপ

চাঁদপুর ও বরিশালগামী যাত্রীদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিস

মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে : কর্মসংস্থানমন্ত্রী

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নিখোঁজ যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার