ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে নরসিংদীর পলাশ উপজেলা। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানানোর অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে পলাশ বাজারে ৩ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করে দলটির স্থানীয় সমর্থকেরা।
শুক্রবার বিকেল ৪টায় পলাশ বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। এ সময় সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, হাতে ছিল প্রিয় দলের পতাকা। তারা নানা স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মিছিলে অংশ নেওয়া সমর্থকরা জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা দীর্ঘদিনের। প্রিয় দলের ম্যাচগুলোকে সামনে রেখে এবং ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।
আয়োজকদের মধ্যে কালাম বলেন, ‘আমরা আর্জেন্টিনার ফুটবল-শৈলীর ভক্ত। দলকে সমর্থন জানাতে এবং এলাকায় ফুটবল উৎসবের আমেজ তৈরি করতেই আমরা প্রায় ৩ হাজার ফুট লম্বা এই পতাকা নিয়ে মিছিল করেছি। আমাদের এই আনন্দ আয়োজন ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।’
স্থানীয়রা জানান, এত লম্বা পতাকা নিয়ে তরুণদের স্বতঃস্ফূর্ত মিছিলটি ছিল বেশ আকর্ষণীয়। মিছিলটি চলাকালীন পলাশ বাজারসহ এলাকার সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
এমএইচ