নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও মুক্তিপণ দাবির মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের শিশু ধর্ষণ অপরাধ দমন আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালীর নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) এবং একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। তাদের মধ্যে রাসেল ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ১ এপ্রিল অপরাধীরা সিদ্ধিরগঞ্জের চিটাগাং-রোড এলাকা থেকে ১২ বছরের ওই শিশুকে আটক করে। পরে তারা শিশুটিকে ধর্ষণ করে এবং তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা জানান, মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত চার আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।