ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রি-মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা ৪ দিনের ছুটি পেয়ে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দ্রা ত্রি-মোড় এলাকা জুড়ে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। ঈদের সময়ের মতোই যাত্রীদের উপচে পড়া ভিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে সবাই একযোগে দেশের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিতে কেউ কেউ নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, আবার অনেকে পরিবারের সঙ্গে দেখা করার জন্য দেশের বাড়ির পথে পাড়ি জমিয়েছেন।
এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে ২০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, ‘নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিকে কেন্দ্র করে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের হয়রানি রোধে নজরদারি বাড়ানো হয়েছে।