শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের পর সাত দিনেই ধসে পড়েছে সড়কের বিভিন্ন স্থান। জানা গেছে, সাড়ে ছয় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সড়কের চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির নির্মাণমান ও কাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ঠিকাদারের দাবি, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়ক ধসে পড়েছে। অন্যদিকে বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট এলজিইডি প্রকৌশলী। উল্টো বক্তব্য দিলে সমস্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়; কিন্তু কাজ শেষ হওয়ার এক সপ্তাহ না পেরোতেই সড়কের প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়। ওই অংশে পিচের আস্তরণসহ নিচের মাটি সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। শুধু একটি স্থানেই নয়, সড়কের আরো অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে। পাশাপাশি চারটি স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।
ফাটল ধরা অংশগুলো আরো ভেঙে পড়লে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, ঝুঁকিপূর্ণ স্থানগুলোয় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং পুরো সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে।
এদিকে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণ এবং নির্মাণকাজের মান নিয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।