সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। পরে দাবি বাস্তবায়নের জন্য উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
তাদের অভিযোগ, আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেও প্রাপ্য অধিকার ও আর্থিক সুবিধা নিশ্চিত করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় দাবি আদায় না হলে সোমবার থেকে উপাচার্যের দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এরপরও ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ ও জ্যেষ্ঠতা নির্ধারণে নানা টালবাহানা করা হচ্ছে। অথচ সম্প্রতি আরো ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের প্রশ্ন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়?
সমাবেশে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেলের সুযোগ-সুবিধা ভোগ করলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন স্কেলে বেতন দেওয়া হচ্ছে। এতে তাঁরা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন বলে দাবি করেন বক্তারা। ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির পাশাপাশি ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
এমই