হোম > সারা দেশ > ঢাকা

বৃষ্টির লাশ বাড়ির আঙ্গিনায়, শোকে স্তব্ধ এলাকাবাসী

মাদারীপুর প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাড়ির আঙ্গিনায় পৌঁছেছে। দুপুর ১টা ২০ মিনিটে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে আসে।

শনিবার (৯ মে) সকালে বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার পৈতৃক বাড়িতে ভিড় জমাতে শুরু করেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী।

স্বজন ও এলাকাবাসীরা জানান, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। এরপর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিহত বৃষ্টির চাচি জাকিয়া সুলতানা বলেন, “বৃষ্টি ছিল আমাদের এলাকার শিক্ষার আলো। সেই আলোটা এভাবে নিভে যাবে, কখনোই ভাবতে পারিনি। বৃষ্টি আমাদের এলাকার অনেককে অনুপ্রাণিত করেছে। তার মতো মেধাবী মানুষ খুব কমই জন্ম নেয়।”

পরিবার জানায়, আসরের নামাজের পর সদর উপজেলার চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে বৃষ্টি রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে ভর্তি হন। তবে স্নাতকোত্তর শেষ করার আগেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়ে ২০২৫ সালের ২৫ আগস্ট তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী বৃষ্টি ও জামিল আহমেদ লিমন গত ১৭ এপ্রিল নিখোঁজ হন। ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। ৪ মে নিহত লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই মার্কিন তরুণ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রাক্তন শিক্ষার্থী।

এদিকে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮–এর প্রতিবেদনে বলা হয়, ৮ মে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় পরদিন শনিবার) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে নিহত দুজনকে এই ডিগ্রি প্রদান করা হবে।

এসআর

চার কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল

কাপাসিয়ায় পাঁচ হত্যার নেপথ্যে কী?

ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কাপাসিয়ায় পাঁচজনকে হত্যার ঘটনায় নিহতদের বাড়িতে মাতম

নরসিংদীতে ইউনিয়ন স্বাস্থ্যসেবার বেহাল দশা

বৃষ্টির লাশের অপেক্ষায় স্বজনরা, চলছে কবর খোঁড়ার কাজ

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ জনকে গলা কেটে হত্যা

শ্রীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ মেডিকেল কলেজ এখন আপনাদের হাসপাতাল: ডা. এফ এম সিদ্দিকী

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে