বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘বিভেদ করে কোনো লাভ হয় না। বিভেদ করে, দ্বন্দ্ব করে, সংঘর্ষ করে কোনো লাভ হয় না। কিন্তু মিলে থাকার মধ্যে অনেক আনন্দ আছে। তখন একটা কাজ করতে অনেক সহজ হয়। আপনার মনে যখন ভালো চিন্তা থাকবে, তখন মনটাও ফুরফুরা থাকবে। আর আপনি যদি সারাক্ষণ চিন্তা করেন আমি ওর ক্ষতি করব, আমি ওকে এটা করতে চাই, তাহলে একটা মানসিক অশান্তিতে থাকা হয়। এটা ভালো পরিবেশ না।’
মঙ্গলবার সকালে মানিকগঞ্জে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ২০০০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এই লিগ্যাল এইড কমিটি গঠিত হয়েছিল। তখন থেকে এই যাত্রা শুরু হয়েছে। তখন এটা একটা সংস্থা হিসেবে ছিল । বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেটাকে অধিদপ্তরে পরিণত করেছেন। তার অর্থ, যাতে জনগণ আরো বেশি সহযোগিতা পায় । জনগণের সুযোগ-সুবিধা দেখার জন্য এটাকে অধিদপ্তরে পরিণত করা হয়েছে।
এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সিনিয়র বিচারক আফসান জগলুল হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, জিপি অ্যাডভোকেট আওয়াল খান, সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদসহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা।
জেডএম