যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
শনিবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বাবলু বলেন, আল্লাহপাক যদি আপনাদের দোয়ায় আমাকে এমপি নির্বাচিত করে আমি চরবাসীর ভাঙন রোধে নদীশাসনের ব্যবস্থা করব। আমার পিতা খোন্দকার দেলোয়ার হোসেনকে পাঁচবার এমপি নির্বাচিত করেছেন। তাকে আপনারা আপনাদের অন্তরে স্থান থেকে ভালোবাসতেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি।