গাজীপুরের টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় সিয়াম (২০)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার বাসিন্দা রফিক মিয়ার ছেলে । তিনি টঙ্গীর ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাওয়ার পথে চেরাগআলী এলাকায় পৌঁছলে গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি তেলবাহী লরি (ঢাকা মেট্রো- ঢ ১২-০০৬৯) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিয়াম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক লরিটি আটক করেন।
পরবর্তীতে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহায়তায় লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।