গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গীর দত্তপাড়া ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যক্তির নাম আশিকুল ইসলাম পাভেল (৪৫)। তার বাবার নূরুল ইসলাম। পুলিশ তাৎক্ষণিকভাবে আশিকুলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
পুলিশের উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়,গত কয়েকদিন ধরে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে সোমবার পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ তালাবন্ধ ওই কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।