গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মরকুন কুদ্দুস খলিফা রোডের গুদারাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ফারুক হোসেন (৩৭) ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি মরকুন গুদারাঘাট এলাকায় তাদের নির্মাণাধীন বাড়ি দেখাশোনার দায়িত্বে ছিলেন। তার কক্ষ থেকে ডায়েরি উদ্ধার করা হয়েছে। এতে লেখা আছে পাওনাদারের হিসাব, ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’ লেখা চিরকুট।
নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানায়, মরকুন গুদারাঘাট এলাকায় তারা পারিবারিকভাবে সাততলা একটি বিল্ডিং তৈরি করছিলেন। নির্মাণাধীন বিল্ডিংয়ের দেখাশোনার দায়িত্বে ছিলেন ফারুক হোসেন। তিনি তাবলীগ জামাতের সাথি ছিলেন। বুধবার রাতে গুদারাঘাট জামে মসজিদে এশার নামাজ পড়ে নির্মাণাধীন বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সিকিউরিটি গার্ড লিফটের খালি জায়গায় ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জেডএম