নরসিংদীর অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও ঘুস-দুর্নীতি যেন নিয়মে পরিণত হয়েছে। তহসিলদার ও কর্মচারীদের আত্মীয়স্বজন এবং দালাল চক্রের মাধ্যমে চলা এই অবৈধ লেনদেনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকার ভূমিসেবা দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল নামজারি ও অনলাইন করব্যবস্থা চালু করলেও বাস্তব চিত্র ভিন্ন। অনলাইনে আবেদনের পর মূল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গেলে টাকা ছাড়া ফাইল নড়ে না। জমির আকারভেদে নামজারির প্রস্তাব পাঠাতে ১ থেকে ১৫ হাজার টাকা এবং ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এছাড়া মিস কেসের তদন্ত প্রতিবেদন পেতে ১০ থেকে ৩০ হাজার এবং সাধারণ নকল তুলতেও ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। টাকা না দিলে নির্ধারিত সময় শেষে আবেদন বাতিল হয়ে যায়, কিংবা প্রতিপক্ষের অনুকূলে প্রতিবেদন দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, জেলার ৭১টি ইউনিয়ন ভূমি অফিসের অধিকাংশেই তহসিলদার ও কর্মচারীরা নিজেদের ভাই, শ্যালক, ভাগিনাসহ পরিচিত বহিরাগতদের দিয়ে দাপ্তরিক কাজ করাচ্ছেন। এমনকি সরকারি সার্ভারের গোপন আইডি ও পাসওয়ার্ডও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। দিন শেষে সেবাপ্রার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের ভাগ নেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বহিরাগতরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভূমি কর্মকর্তা জানান, বয়স্ক কর্মচারীরা কম্পিউটার পরিচালনায় দক্ষ না হওয়ায় স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের দিয়ে কাজ করানো হয়। সেবাপ্রার্থীদের দেওয়া খুশির টাকা থেকে তাদের সামান্য সম্মানী দেওয়া হয়। অন্যদিকে, সরকারি অফিস সহায়কদের অভিযোগ, তাদের বসিয়ে রেখে বহিরাগতদের দিয়ে কাজ করানো হয়। প্রতিবাদ করলে বদলির হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মু. রাসেদুজ্জামান বলেন, ‘জেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার পদ শূন্য থাকায় উপসহকারীরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি অফিসে বহিরাগতদের কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। তবে আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’